কক্সবাজার কারাগারে বিদেশি হাজতির মৃত্যু

কক্সবাজারকক্সবাজার জেলা কারাগারে সম কোয়াট সুয়াংচি (৫৯) নামে এক থাই নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো.বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।  

মারা যাওয়া কোয়াট সুয়াংচি থাইল্যান্ডের বাসিন্দা চোয়ান চেইর ছেলে।

জেল সুপার মো.বজলুর রশীদ আখন্দ মঙ্গলবার জানান, সুয়াংচি  মঙ্গলবার সারাদিন সুস্থ ছিলেন। সন্ধ্যার পর ইশারায় বুক ও পেটে ব্যাথার কথা জানান। পরে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতেই কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

তিনি আরও জানান, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে সুয়াংচি গ্রেফতার হয়ে হাজতি হিসেবে কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে মানব পাচার ও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুটি মামলা কক্সবাজার জেলা জজ আদালতে বিচারাধীন রয়েছে।