সিভাসু’র দুই দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু ১২ মে

 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন উপাচার্যচট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উদ্যোগে দুই দিনব্যাপী ১৫তম আর্ন্তজাতিক বৈজ্ঞানিক সম্মেলন আগামী ১২ মে শুরু হচ্ছে। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ এ তথ্য জানিয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে  তিনি এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপাচার্য জানান,  প্রতিবছরের মতো এবারও আগামী ১২ ও ১৩ মে দুই দিনব্যাপী  ১৫তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন আয়োজন করা হচ্ছে। আগামী ১২ মে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ,এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস এর উপাচার্য অধ্যাপক ড. পুর্ণেন্দু বিশ্বাস, সিভাসু’র প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. নীতীশ চন্দ্র দেবনাথ এবং দক্ষিণ কোরিয়ার ফুকয়ং ন্যাশনাল ইউনিভার্সিটির বায়োটেকনোলোজি বিভাগে অধ্যাপক ইয়ং-কি-হং। পরদিন ১৩ মে বিকাল ৫টায় একই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

তিনি আরও বলেন,এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ‘বাংলাদেশের মতো একটি মধ্যম আয়ের দেশের টেকসই খাদ্য ব্যবস্থায় মৎস্য ও প্রাণি সম্পদের ভূমিকা’ । সম্মেলনে মোট ৭টি টেকনিক্যাল সেশনে ১টি মূল প্রবন্ধ এবং ৪৯টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। সম্মেলনে বিষয় সংশ্লিষ্ট ২৫টি পোস্টার প্রদর্শন করা হবে।

আন্তর্জাতিক এ সম্মেলনে ভারত,মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়াসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থার প্রায় ২৫০ জন বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, পরিবেশবিদ, পেশাজীবী, এনজিও কর্মী, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. নুরুল আবছার খান,ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডা. মো. রায়হান ফারুক,ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. শারমিন চৌধুরী,রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম,প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ, প্রফেসর ড. আশরাফ আলী বিশ্বাস,প্রফেসর ড. মো. রাশেদুল আলম ও সহকারী অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।