ফেনীর পরশুরাম উপজেলায় এবার প্রথমবারের মতো ভুট্টা চাষ করেছেন চাষিরা। উপজেলার মির্জানগর, চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়নের ৮ গ্রামে ৩৪ বিঘা জমিতে ভুট্টা চাষ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার সিরাজুল ইসলাম জানান, চাষিদের ভুট্টা চাষে আগ্রহী করে তুলতে কৃষি অফিস থেকে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। এখানকার মাটি ভুট্টা চাষের জন্য বিশেষ উপযোগী। প্রথমবারের মতো ভুট্টার চাষ হওয়ায় ‘ভাগ্য ফেরার স্বপ্ন’ দেখছেন কৃষকরা।
বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ টেটেশ্বর গ্রামের ভুট্টাচাষী জালাল আহমেদ বলেন, ‘ভুট্টা চাষে সেচ কম লাগে। খরচ কম ও স্বল্প সময়ে এ ফসল হয়ে থাকে বলে ৮ বিঘা জমিতে ভুট্টা লাগিয়েছি। ফলনও ভালো হয়েছে।’
বাংলাদেশ মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউটের (এসআরডিআই) এক গবেষণায় দেখা গেছে, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী বিধৌত পরশুরামের অধিকাংশ মাটি বেলে-দোঁআশ প্রকৃতির, যা ভুট্টা-মাসকলাইসহ দানাদার ফসল চাষের জন্য বিশেষ উপযোগী।
উপজেলা কৃষি অফিসার সিরাজুল ইসলাম জানান, পানি সংকটের কারণে বোরো ফসল অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। ভুট্টা চাষে পানির তেমন প্রয়োজন হয় না। বোরো ফসলের বিকল্প হিসেবে এখানে ভুট্টা চাষের উজ্বল সম্ভাবনা রয়েছে।