বাজার পরিদর্শন করছেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীরম্যাজিস্ট্রেট আসার কথা শুনে পালিয়ে গেলো অর্ধেক মাছ ব্যবসায়ী। ঘটনা ঘটেছে কুমিল্লা নগরীর রাজগঞ্জ মাছ বাজারে। রমজান উপলক্ষে শুক্রবার (১৮ মে) বাজার পরিদর্শনে বের হন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর। নিউ মার্কেট এলাকা পরিদর্শনের সময় রাজগঞ্জ মাছ বাজারেও ম্যাজিস্ট্রেট আসবে খবর ছড়িয়ে পড়ে। এতে ফরমালিন এবং কম ওজনের বাটখারা ব্যবহার করা ব্যবসায়ীরা পালিয়ে যান।
মাছের বাজার ছাড়াও মুরগির কিছু দোকানও বন্ধ হয়ে যায়। মাংসের ব্যবসায়ীদের দোকান পরিচ্ছন্ন করতে দেখা যায়। এসময় মুদি দোকানিদেরও তটস্থ দেখা যায়।
নাজনীন আক্তার নামে এক ক্রেতা বলেন, কিছু ব্যবসায়ী দোকান অপরিচ্ছন্ন রাখে। জিনিসপত্রে ভেজাল মেশায় এবং ওজনে কম দেয়। এছাড়া গলাকাটা দাম রাখে। বাজার নিয়ন্ত্রণে প্রতি সপ্তাহে জেলা প্রশাসনের বাজার পরিদর্শন করা উচিত।
ইফতার বাজারে অভিযানএদিকে, রমজানের প্রথমদিন শুক্রবার নগরীর সড়কের দুই পাশে ইফতার বাজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। এসময় নগরীর বাংলা রেস্তোরাঁ ও ফুড ভিলেজের ইফতার সামগ্রীর বাজারসহ ফুটপাতে থাকা ইফতার দোকানে অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে বাংলা রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পণ্যের দর স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে প্রচার করা হবে। যাতে মানুষ দুর্ভোগে পড়তে না হয়।’
বাজার পরিদর্শন করছেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীরঅভিযান নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আফিফা খাতুন জানান, তাদেরকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তারপরও তারা ইফতার সামগ্রী নিয়ে রাস্তার পাশে বাজার সৃষ্টি করেছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। ইফতার নিয়ে ফুটপাতে বসা সব হোটেল, রেস্টুরেন্টকে উচ্ছেদ করা হবে।