হত্যার পর লাশ গুম করার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামহত্যার পর এক যুবকের লাশ গুম করার দায়ে দুইজনকে মুত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৮ মে) চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা এ আদেশ দেন। একই মামলায় অপর দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, আলী আজম (৩১) ও মোহাম্মদ আলম (৩০)।

সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুইজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত দুইজনকে খালাস দিয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন, নাইমুল ইসলাম প্রকাশ রাকিব ও মো. নাসির প্রকাশ নাসের।
মামলার এজহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মৎস্য অনুষদ ভবনের পেছনের পাহাড়ে নিয়ে আক্তার হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করে দেয় আসামিরা। হত্যাকাণ্ডের শিকার আক্তার বায়জিদের কুলগাঁও এলাকার খলিল আহমদের ছেলে। আক্তারের খোঁজ না পেয়ে তার ভাই রফিক হাটহাজারী থানায় ওই বছরের ১৫ সেপ্টেম্বর চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।