প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগ: বিএনপি নেতা গিয়াস কাদেরের বিরুদ্ধে মামলা

‘প্রধানমন্ত্রীর পরিণতি বঙ্গবন্ধুর চেয়েও খারাপ হবে’ বলার অভিযোগে বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ছাত্রলীগ নেতা। বুধবার (৩০ মে) ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ছাত্রলীগ নেতাকর্মীদের হত্যার চেষ্টা ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগও উত্থাপন করা হয়েছে।চট্টগ্রামফটিকছড়ি থানার ওসি জাকির হোসেন মাহমুদ মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি জানিয়েছেন, ‘মামলায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি হিসবে আরও ৫০ থেকে ৬০ জন স্থানীয় বিএনপি নেতাকর্মীর কথা এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলাটি বিস্ফোরণ আইনে দায়ের করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়াসহ ছাত্রলীগ নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগও যুক্ত।’

মামলার এজহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার (২৯ মে) বিকেলে ফটিকছড়ি উপজেলা সদরের জেইউ পার্ক নামক কমিউনিটি সেন্টারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতারের আয়োজন করে স্থানীয় বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ওই সভায় দেওয়া বক্তব্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর পরিণতি বঙ্গবন্ধুর চেয়েও খারাপ হবে।’ এ ধরণের বক্তব্যের খবর শুনে ওই দিন সন্ধ্যায় ছাত্রলীগ নেতাকর্মীরা কমিউনিটি সেন্টারে গেলে সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি বন্দুক নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করা হয়।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই।