নৌকাডুবির ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন যাত্রীরা এমন তথ্য দিলেও ফায়ার সার্ভিসের লোকজন এ ব্যাপারে নিশ্চিত করে কোনও তথ্য দিতে পারেননি। তবে যাত্রীদের দাবির মুখে রবিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে উদ্ধার অভিযান চালিয়েছেন। উদ্ধার অভিযানে নিখোঁজ ওই যাত্রীকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
ঘটনাস্থলে যাওয়া আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্দর থানাধীন বিএসসি মেরিন শিপ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশের ঘাট থেকে কর্ণফুলী থানাধীন ডাঙ্গার চরের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় মাঝ নদীতে একটি স্পিড বোটের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। উদ্ধার কয়েকজন যাত্রী জানিয়েছেন, ওই সময় নৌকায় ১৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন নিখোঁজ রয়েছেন বলে তারা দাবি করেছেন।’
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ১১টা পর্যন্ত পরিচালিত উদ্ধার অভিযানে তাকে খুঁজে পাওয়া যায়নি। যাত্রীরা একজন নিখোঁজের দাবি জানালেও আদৌ কোনও যাত্রী নিখোঁজ হয়েছেন কিনা এ ব্যাপারে আমরা এখনও নিশ্চিত নই। কেউ তার স্বজন হারানোর সংবাদ নিশ্চিত করলে আগামীকাল সোমবার (৪ জুন) পুনরায় অভিযান পরিচালনা করা হবে।’