চাঁদাবাজির মামলায় কারাগারে পাঠানো চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (০৭ জুন) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। রনির আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার (০৪ জুন) ওই মামলায় চার সপ্তাহ অন্তর্বর্তী জামিন শেষে আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইফতেখার সাইমুল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালত আমার জিম্মায় প্রতি বৃহস্পতিবার আদালতে হাজিরার শর্তসাপেক্ষে নুরুল আজিম রনিকে জামিন দিয়েছেন।’
প্রসঙ্গত, শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি ফি আদায়ের প্রতিবাদ করতে গিয়ে গত ৩১ মার্চ বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে কিল-ঘুষি মারেন নুরুল আজিম রনি। এ ঘটনায় ৪ এপ্রিল রনিসহ সাতজনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় অধ্যক্ষ জাহেদ খান অভিযোগ আনেন, রনি অবৈধভাবে তার প্রতিষ্ঠানে প্রবেশ করে তাকে মারধর ও চাঁদা দাবি করেছে।
এ মামলায় গত ৭ মে উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন পান নুরুল আজিম রনি। ওই সময় আদালত একই আদেশে জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। পরে এই মামলায় ৪ জুন চট্টগ্রাম মহানগর মুখ্য হাকিম ওসমান গনির আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।