প্রকৌশল বিভাগ ও স্থানীয়রা জানায়, জেলা শহরের জর্জকোর্ট এলাকায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে পার্বত্য জেলা পরিষদের নিজস্ব পাঁচতলা ডরমিটরি ভবনসহ ভবনের সুরক্ষায় একটি প্রতিরক্ষা দেয়াল নির্মাণের উন্নয়ন কাজ চলমান রয়েছে। মেসার্স কিংম লাইসেন্সে উন্নয়ন কাজটি বাস্তবায়ন করছেন ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান রাশেদ চৌধুরীসহ কয়েকজন ঠিকাদার।
নির্মাণাধীন ডরমেটরি ভবনের নিরাপত্তায় নির্মিত প্রায় ২০ ফুট লম্বা প্রতিরক্ষা দেয়ালটি বৃষ্টিতে হেলে পড়েছে। যেকোনও মুহূর্তে দেয়ালটি রাস্তার ওপর সম্পূর্ন ধসে পড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করছে লোকজনরা।
এদিকে প্রতিরক্ষা দেয়ালটি ধসে পড়ায় নির্মাণাধীন পাঁচতলা ভবনটির নির্মাণ কাজের গুণগতমান নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন বিশিষ্ট ঠিকাদার।
ক্ষমতাসীন দলের নেতা নির্মাণ কাজের ঠিকাদার তৌহিদুর রহমান রাশেদ চৌধুরী বলেন, ‘নির্মাণ কাজে কোনও ধরনের অনিয়ম ও ত্রুটি ছিল না। মাটির চাপ নিতে না পারায় বৃষ্টিতে দেয়ালটি হেলে পড়েছে।
এ ব্যাপারে পার্বত্য জেলা পরিষদ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্মাণ কাজে ত্রুটির কারণে দেয়ালটি হেলে পড়েনি। মাটির চাপ নিতে না পারায় বৃষ্টিতে এই অবস্থা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দেয়ালসহ ভবন নির্মাণের কাজটি এখনও চলমান। ধসে পড়া দেয়ালটি ভেঙে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। পুনরায় একই স্থানে আরেকটি দেয়াল নির্মাণ করা হবে।’
উল্লেখ্য, মেসার্স কিংম লাইসেন্সে রাশেদ চৌধুরীসহ কয়কজন ঠিকাদার ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে উন্নয়ন কাজটি বাস্তবায়ন করছে।