খাগড়াছড়িতে প্রতিপক্ষের হামলায় জেএসএস কর্মী নিহত

খাগড়াছড়িআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের হামলায় জনসংহতি সমিতি (সংস্কার) গ্রুপের কর্মী বিজয় ত্রিপুরা (৩৫) নিহত হয়েছেন। শনিবার (১৬ জুন) দুপুর আড়াইটায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার বিকাল আড়াইটার দিকে তারা পর পর কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছেন। খুব কাছ থেকে গুলি করে বিজয় ত্রিপুরাকে হত্যা করা হয়েছে। নিহত বিজয় জেএসএস সংস্কার গ্রুপের কর্মী বলে জানা গেছে। এখন পর্যন্ত তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল খুব দুর্গম এলাকায়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর চেষ্টা চলছে।’

তবে এই ঘটনায় ইউপিডিএফ জড়িত নয় বলে দাবি সংগঠনটির জেলা প্রেস সম্পাদক নিরন চাকমার।