কুমিল্লায় বৃদ্ধকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লাকুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিঙ্গরিয়া গ্রামে রফিকুল ইসলাম (৮৫) নামে এক বৃদ্ধকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ২৫ জুন (সোমবার) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন (সোমবার)সিঙ্গরিয়া গ্রামে স্থানীয় আব্দুল গফুরের ছেলে সেলিম ও তার ছেলে মহসিন এবং আব্দুল মতিনের ছেলে বাঁধনসহ প্রায় ১০-১২ জন স্থানীয় দেলোয়ারের সঙ্গে কথা কাটাকাটি থেকে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এসময় বৃদ্ধ রফিকুল ইসলাম সংর্ঘষ থামাতে গেলে ক্ষিপ্ত হয়ে সেলিম ও তার ছেলে মহসিন এবং আব্দুল মতিনের ছেলে বাঁধন হাতুড়ি ও লাঠি দিয়ে রফিকুল ইসলামকে বেধড়ক পিটিয়ে আহত করে। স্থানীয়রা রফিকুল ইসলামকে আহত অবস্থায় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে কুমিল্লায় একটি হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (২৫ জুন) রাতে তার মৃত্যু হয়।

পুলিশ পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে আবুল হাশেম বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।