কুসিকের পৌনে চারশ’ কোটি টাকার বাজেট প্রস্তাবনা

প্রাক-বাজেট আলোচনা সভাআগামী ২০১৮-১৯ অর্থবছরের জন্য কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) ৩৭৩ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার ৪৫৮ টাকার বাজেট প্রস্তাব করেছে। বুধবার (২৭ জুন) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের প্রাক-বাজেট আলোচনায় এই বাজেট প্রস্তাবনা করা হয়।

কুমিল্লা সিটি করপোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মেয়র মনিরুল হক সাক্কু কোনও প্রকার হোল্ডিং করারোপ ছাড়াই এ বাজেট প্রস্তাব করেন। বাজেট প্রস্তাবনায় বেশ কিছু উন্নয়ন প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।

প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৪৬ কোটি ৩৩ লাখ ১৫ হাজার ১৫৫ টাকা। উন্নয়ন আয় ও অনুদান ধরা হয়েছে ৩৫২ কোটি ৩৩ লাখ ১৫ হজার ১৫৫ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৫৫ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকা।

বাজেট আলোচনায় কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় জলাবদ্ধতা ও যানজট নিরসন,মাদকবিরোধী তৎপরতা বৃদ্ধি,শিক্ষার উন্নয়ন,সৌন্দর্য বর্ধন,যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন সভায় আমন্ত্রিত নগরবাসী। 

সিটি মেয়র মনিরুল হক সাক্কুর সভাপতিত্বে আয়োজিত ওই সভায় প্রস্তাবিত বাজেট উপস্থাপনা করেন সিটি করপোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া। আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা শাহ মোহাম্মদ আলমগীর খান,সাংবাদিক আবুল হাসানাত বাবুল,নীতিশ সাহা ও ওমর ফারুকী তাপস প্রমুখ।