স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় তার বন্ধু আদনান মির্জাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ জুন) পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস এ নির্দেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন।
এর আগে ৬ মে এই মামলায় তাকে প্রথম দফায় জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছিলেন আদালত।
নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন,‘ আদনানকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত রিমান্ডের পরিবর্তে সমাজসেবা অধিদফতরের কর্মকর্তার সামনে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।’
প্রসঙ্গত, গত ২ মে সকালে নগরীর পতেঙ্গার ১৮ নম্বর ব্রিজঘাটে কর্ণফুলী নদীর তীরে লাশ দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয়ে মরদেহ উদ্ধার করে। পরে লাশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন থানায় গিয়ে মরদেহটি তাসফিয়া আমিনের বলে শনাক্ত করেন। তাসফিয়া নগরীর সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। তাদের গ্রামের বাড়ি টেকনাফের ডেইলপাড়া এলাকায়। তাসফিয়া পরিবারের সঙ্গে নগরীর ওআরও নিজাম আবাসিক এলাকার তিন নম্বর সড়কের কেআরএস ভবনে থাকতেন।
এ ঘটনায় ৩ মে দুপুরে তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন আদনানকে প্রধান আসামি করে ছয়জনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার অপর আসামিরা হলেন সোহেল (১৭), শওকত মিরাজ (১৭), আসিফ মিজান (১৭), ইমতিয়াজ ইকরাম (১৭), সুলতান (২৪) ও ফিরোজ (৩০)। এর আগে ২ মে রাতে পুলিশ আদনান মির্জাকে গ্রেফতার করে। আদনান বর্তমানে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে রয়েছেন।