এদিন বিকাল সাড়ে ৩টায় সিএসসিআর হাসপাতালে অভিযান পরিচালনা শুরু করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। টানা দুই ঘণ্টা ধরে চলা এ অভিযানে অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ অপারেশনের সুতা, জরুরি বহির্গমনে ময়লা, যথাযথ ওষুধ সংরক্ষণ না করাসহ বেশ কিছু ত্রুটি পায় ভ্রাম্যমাণ আদালত। পরে প্রেস ব্রিফিং করে এসব অপরাধে হাসপাতালটিকে চার লাখ জরিমানা করার বিষয়টি জানান সরওয়ার আলম।
সংবাদ সম্মেলনে সরওয়ার আলম বলেন, সিএসসিআর হাসপাতালে দুটি ফার্মেসি রয়েছে। একটি নিচতলায় এবং অপরটি সপ্তমতলায়। এরমধ্যে নিচতলার ফার্মেসির লাইসেন্স থাকলেও সপ্তমতলার ফার্মেসিটির কোনও লাইসেন্স নেই। এর বাইরে এখানে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ আরও কিছু অনিয়ম পাওয়া যায়। এসব কারণে হাসপাতালটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধি ডা. দেওয়ান মো. মেহেদি হাসান ও ওষুধ প্রশাসন চট্টগ্রামের তত্ত্বাবধায়ক গুলশান জাহান উপস্থিত ছিলেন।
এর আগে একই দিনে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসনের সহযোগিতায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওই হাসপাতালেও লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, ফার্মেসির লাইসেন্স না থাকা, জালিয়াতির মাধ্যমে ল্যাব টেস্ট করাসহ ১১ ধরনের অনিয়মের অপরাধে ম্যাক্স হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।