রাজ-পরী’র ঘরে তিন শাবক

রাজ-পরী’র ঘরে তিন শাবকচট্টগ্রাম চিড়িয়াখানায় তিনটি বাঘ শাবক জন্ম নিয়েছে। বুধবার (১৮ জুলাই) সন্ধ্যায় বেঙ্গল টাইগার রাজ ও পরীর ঘরে তিনটি শাবক জন্ম নেয়। চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ও পশু চিকিৎসক ডা. শাহাদাৎ হোসেন শুভ এ তথ্য জানিয়েছেন।

ডা. শাহাদাৎ হোসেন শুভ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম চিড়িয়াখানায় তিনটি বাঘের শাবক জন্ম নিয়েছে। তারা এখন ভালো আছে।’

ডা. শুভ আরও বলেন, ‘শাবক তিনটি ঠিকভাবে চোখ মেলতে পারলে দর্শনার্থীদের কাছে আনা হবে। সঠিকভাবে চোখ মেলতে শাবক তিনটির দুই সপ্তাহ লাগবে। তবে প্রথম কয়েক সপ্তাহ বাঘ শাবকদের মানুষের কাছে আনা বিপজ্জনক। এ সময় তাদের খুব যত্ন নিতে হয়।’

রাজ-পরী’র ঘরে তিন শাবকতিনি আরও বলেন, ‘এখনই যদি বাঘ শাবকদের মানুষের সংস্পর্শে আনা হয় তাহলে মা শাবকগুলোর আর যত্ন নেবে না। কারণ, শাবকদের কাছ থেকে তখন মানুষের গন্ধ আসবে। তাই এখনই শাবকদের মানুষের সম্মুখে আনা ঠিক হবে না। এখন তাদের পরিপূর্ণ যত্নের প্রয়োজন।’

প্রসঙ্গত, বেঙ্গল টাইগার রাজ-পরীকে ২০১৬ সালের ৯ ডিসেম্বর ৩৩ লাখ টাকার বিনিময়ে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়। এখন তারা জন্ম দিলো তিন শাবক।

১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম শহরের পাহাড়ি এলাকা ফয়েস লেক এলাকায় ৬ একর জমিতে গড়ে ওঠে চট্টগ্রাম চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় ৬৭টি প্রজাতির ৩৬০টিরও বেশি প্রাণী রয়েছে। এরমধ্যে ৩৪ প্রজাতির পাখি আর বাকি সরীসৃপ এবং স্তনপায়ী প্রজাতির প্রাণী।