চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইটটি চার’শ সাতজন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেছে। রবিবার (২২ জুলাই) বিকেল ৩টা ৪৬ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শাহ আমানত বিমান বন্দর থেকে ছেড়ে যায়।
শাহ আমানত বিমান বন্দরের ব্যবস্থাপক সারওয়ার-ই-জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এএম মোসাদ্দিক আহমেদ হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সারওয়ার-ই-জাহান বাংলা ট্রিবিউনকে জানান, এ বছর বাংলাদেশ এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে চট্টগ্রাম থেকে সাড়ে নয় হাজার হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।
তিনি বলেন,‘হজ যাত্রীদের যাতাযাতের জন্য নয়টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এগুলোর মধ্যে ৪টি ফ্লাইট সরাসরি মদিনায়, ৫টি জেদ্দায় যাবে।’
প্রসঙ্গত, এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৬ হাজার ৭৯৮ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার।