ভুল চিকিৎসায় ও কর্তব্যরত চিকিৎসকের অবহেলার অভিযোগে শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনাটি তদন্তের জন্য বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি)তদন্ত দল চট্টগ্রাম গেলেও তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি রাইফার বাবার। মঙ্গলবার (২৪ জুলাই) তারা ম্যাক্স হাসপাতাল এবং পরে একটি রেস্টুরেন্টে রাইফার বাবা রুবেল খানকে সাক্ষাতের জন্য আহ্বান জানালেও জায়গা নিয়ে আপত্তি থাকায় তিনি তদন্ত কমিটির সঙ্গে দেখা করেননি।
তদন্ত দল সূত্রে জানা গেছে,রাইফার মৃত্যুর ঘটনায় মঙ্গলবার (২৪ জুলাই) চট্টগ্রামে আসেন বিএমডিসির তদন্ত কমিটির চেয়ারম্যান অধ্যাপক রুহুল আমিনসহ তদন্ত দলের চার সদস্য। সকাল ১০টায় তারা ম্যাক্স হাসপাতালে গিয়ে সেখানে চার ঘণ্টা অবস্থান করেন।সেখানে রাইফার বাবাকে তদন্ত কমিটি বক্তব্য শোনার জন্য আসার আহ্বান জানালে তিনি এতে রাজি হননি। পরে তারা একটি রেস্টুরেন্টেও তাকে আসার আহ্বান জানান। কিন্তু রুবেল খান সেখানেও যেতে অপারগতা প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে রাইফার বাবা রুবেল খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত টিম চট্টগ্রামে আসার পর আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা আমাকে ম্যাক্স হাসপাতালে যাওয়ার জন্য বলেন। তখন আমি তাদের জানাই, যে হাসপাতালে আমার মেয়ে মারা গেছে সেখানে গেলে আমি নিজেকে ধরে রাখতে পারবো না। এছাড়াও ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে আমি মামলা করেছি। তাই সেখানে যাওয়া ঠিক হবে না বলে তাদের জানাই। তার পরিবর্তে আমি তদন্ত টিমকে আমার বাসায় অথবা সার্কিট হাউসে বসে কথা বলার পরামর্শ দিই। কিন্তু তারা তাতে রাজি হননি। পরে তারা আমাকে একটি রেস্টুরেন্টে বসে কথা বলার জন্য বলেন। ঘটনার তদন্তে এসে বাদীর সঙ্গে রেস্টুরেন্টে বসাটা বাইরের লোকজন ভিন্নভাবে দেখবে ভেবে আমি রেস্টুরেন্টে বসতে রাজি হইনি।
তিনি আরও বলেন,এরপর তারা আমাকে ঢাকায় গিয়ে তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। আমি অসুস্থ জানিয়ে এ মুহূর্তে ঢাকা যাওয়া সম্ভব হবে না জানালে তারা ওই পাশ থেকে মোবাইল সংযোগ কেটে দেন। তারা ম্যাক্স হাসপাতাল পরিদর্শনে এসে সেখানে দুপুরে খাবার খেয়েছেন। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ’
রাইফার বাবা আরও অভিযোগ করেন তদন্ত দল ম্যাক্স হাসপাতাল পরিদর্শনের সময় সেখানে অভিযুক্ত চিকিৎসকদের থাকার কথা থাকলেও তারা কেউ হাসপাতালে উপস্থিত ছিলেন না।
এর আগে বিএমডিসির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার ম্যাক্স হাসপাতাল পরিদর্শনে যাওয়ার বিষয়টি জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়েছে, বিএমডিসির চার সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার সকাল নয়টা থেকে ম্যাক্স হাসপাতালে সরেজমিন তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। তদন্ত পরিচালানায় সহযোগিতা করতে এ সময় ম্যাক্স হাসপাতালের চেয়ারম্যান ডা. শিব শংকর সাহা, মহাব্যবস্থাপক রঞ্জন প্রসাদগুপ্ত, রাইফা খানের বাবা সাংবাদিক রুবেল খান, রাইফার মা, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত, ডা. শুভ্রদেব ও রাইফার চিকিৎসাকালীন কর্তব্যরত নার্স, ওয়ার্ডবয় ও আয়াকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়।