নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী প্রগতি চাকমা





বিজয়ী প্রগতি চাকমারাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জেএসএস (এমএন লারমা) সমর্থিত প্রার্থী প্রগতি চাকমা (প্রতীক: আনারস) ১৪,৪৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত প্রার্থী প্রণতি চাকমা ( প্রতীক: কাপ-পিরিচ) পেয়েছেন ৮০১৫ ভোট। দোয়াত কলম নিয়ে একমাত্র নারী প্রার্থী কল্পনা চকমা পেয়েছেন ৪৩৬ ভোট। প্রগতি চাকমা জনসংহতি সমিতি (এমএন লারমা) রাঙামাটির জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এর আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয় নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচন। গত ৩ মে নিজ কর্যালয়ের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা। তিনি জেএসএস’এর (এমএন লারমা) সহসভাপতি ছিলেন।
বিজয়ী প্রার্থী প্রগতি চাকমা বলেন, ‘আমি সকল ভোটারের প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। ভোট প্রয়োগের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ হলো। ভোটের মাধ্যমে দিনে দুপুরে অন্যায়ভাবে জনপ্রিয় একজন উপজেলা চেয়ারম্যানকে হত্যার প্রতিবাদ করেছে জনগণ। আমি যতদিন দায়িত্বে থাকবো পাহাড়ি-বাঙালি সকলকে নিয়ে সুন্দরভাবে বসবাস করার চেষ্টা করবো। আর সকল এলাকায় সুষম উন্নয়ন করার চেষ্টায় থাকবো।
ইউপিডিএফ সমর্থিত প্রার্থী প্রণতির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টার করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
নানিয়ারচরের উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল লতিফ শেখ জানান, বেসরকারিভাবে প্রগতি চাকমা ১৪,৪৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।