বুধবার (২৫ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে পৌরসভায়। কোথাও অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের ৩৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়। যেখানে তিনটিতে ইভিএম পদ্ধতি ভোট গ্রহণ হয়।
কক্সবাজার পৌরসভার নির্বাচনে ৩৯টি ভোট কেন্দ্রে স্থায়ী ২২৪টি ও অস্থায়ী ১১টি বুথ ছিল। পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার ও প্রতিটি বুথে একজন করে সহকারি প্রিসাইডিং অফিসার দায়িত্বপালন করেন। একইভাবে ৪৪৮ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করেন। এবারের পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৮৩ হাজার ৭২৮ জন ভোটার ছিল। এরমধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৩৭৩ জন ও নারী ভোটার ৩৯ হাজার ৩৫৫ জন। সার্বিকভাবে এক হাজারের বেশি পুলিশ, ৬ প্লাটুন বিজিবি, ৫০ জন র্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিল। ১২টি ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে ছিলেন।