বেগুনের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচার, গ্রেফতার এক

বেগুনের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচার

বেগুনের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ২ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৬ জু্লাই) সকালে চট্টগ্রামের নিউমার্কেট মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বন্দর জোন) আসিফ মহিউদ্দীন এ খবর নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম আলী আহমদ (৪৬)। আলী কক্সবাজার জেলার টেকনাফ মহেশখালিয়াপাড়া এলাকার সোলতান আহমদের ছেলে।

আসিফ মহিউদ্দীন বলেন, আলী আহমদ বেগুনের ভেতর কৌশলে ইয়াবা রেখে শপিংব্যাগে করে পাচার করছিল। গোপন সূত্রে খবর পেয়ে আমরা তাকে গ্রেফতার করি। পরে তার সাথে থাকা শপিংব্যাগে থাকা বেগুন কেটে দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়। বেগুনের ভেতরের অংশ ফেলে দিয়ে তাতে পলিথিনে মুড়িয়ে ইয়াবাগুলো রাখা হয়েছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।