যুবলীগ নেতা ফরিদুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার আসামি মো. ফয়সালকে (৩০) তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩১ জুলাই) মহানগর হাকিম আল ইমরান খানের আদালত এ রিমান্ড আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৯ জুলাই নগরীর ডিসি রোড এলাকা থেকে ফয়সালকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।
নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন,‘আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
এ নিয়ে এই ঘটনায় মোট নয়জনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। এর আগে ২৯ জুলাই ৮ আসামিকে এক দিনের রিমান্ডে পাঠায় আদালত।
ক্যাবল ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত ২৭ এপ্রিল চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন পশ্চিম বাকলিয়া চাঁনমিয়া মুন্সী লেইন এলাকায় দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই দিন প্রতিপক্ষের গুলিতে চকবাজার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিন রাতেই নিহত ফরিদের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে চকবাজার থানায় নয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় গত ২২ জুলাই ৮ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ। এরপর গত ২৯ জুলাই তাদেরকে এক দিনের রিমান্ডে পাঠায় আদালত।
পুলিশ জানিয়েছে, কেসিটিএন নামে একটি ক্যাবল প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চাঁনমিয়া মুন্সী লেইন এলাকায় ডিশ ব্যবসা পরিচালনা করে আসছে। কয়েক মাস আগে আসামি এমএ মুছা সেটি নিয়ন্ত্রণে নিতে গেলে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ফরিদ কেসিটিএন পক্ষের হয়ে ওই দিন সংঘর্ষে জড়ান।