সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রয়াত মোস্তাফিজু রহমানের ছেলে রোবন মোহাম্মদ সাইদ লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় মেয়ে আফসানা নওরোজ, তার স্বামী একেএম রাশেদ হোসাইন নান্নু ও প্রত্যক্ষদর্শী নুরুল হক নাহিদসহ অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রোবন মোহাম্মদ সাইদ অভিযোগ করেন, ‘আমার বাবার মালিকানাধীন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল মৌজার বিএস যথাক্রমে ১২০৮ ও ৩১৭০ খতিয়ানভুক্ত ৭৩ শতক জমির চারদিকে সীমানা প্রাচীরে ঘেরা ছিল। কিন্তু, সাংসদ কমল আমাদের না জানিয়ে ৩০-৪০ জন লোক নিয়ে ভেতরে ঢুকে সীমানা প্রাচীর ভেঙে ফেলে। অথচ উক্ত জমি নিয়ে একটি পক্ষ কক্সবাজার সদর সহকারী ভূমি কমিশনারের কার্যালয়ে তদন্তাধীন। কিন্তু এর কোনও কিছু তোয়াক্কা না করে মঙ্গলবার সকাল ১০টায় খুরুশকুলে আমাদের জমিতে এমপি কমলের নেতৃত্বে লোকজন হামলা চালায়। এসময় সীমানা প্রাচীর ভেঙে ৭ গণ্ডা জমি দখল করে নেওয়া হয়।
জানতে চাইলে সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, ‘আমি এখন ঢাকায় অবস্থান করছি। দখলের স্থানে আমি যাইনি। তবে সাধারণ ২০০ পরিবারের চলাচলের একটি রাস্তায় সীমানা প্রচীর দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করায় সেটি ভেঙে রাস্তা উন্মুক্ত করার খবর আমি শুনেছি।’