টেকনাফে দশ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

টেকনাফে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। র‌্যাবের দাবি, রবিবার ভোরে টেকনাফের পুরাতন পল্লনপাড়ার মায়মুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, টেকনাফের পুরাতন পল্লনপাড়ার জাকির আহমেদের ছেলে নুরুল আমিন (২১) ও মো. সেলিমের ছেলে আব্দুল হাই (১৯)। তারা দুজনেই মাদক ব্যবসায়ী বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৭ টেকনাফ ক্যাম্পের কর্মকর্তা লে. মির্জা শাহেদ মাহতাব  জানান, রবিবার ভোরে টেকনাফের পুরনো পল্লানপাড়ার একটি বিদ্যালয়ের সামনে ইয়াবা বিক্রি হচ্ছে এ সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ওই দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি পলিথিনের ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগের ভেতর ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

লে. মির্জা শাহেদ বলেন, আটককৃতরা প্রকৃত মাদক ব্যবসায়ী, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। অবশেষে তারা র‌্যাবের হাতে ধরা পড়েছে। কোনও মাদক ব্যবসায়ীই ছাড় পাবে না। আটককৃতদের মাদক মামলা দিয়ে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, র‌্যাবের হাতে আটক দুই ব্যবসায়ীকে বিকালে কক্সবাজার কারাগারে পাঠানো হবে।