কুমিল্লায় বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

বন্দুকযুদ্ধকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ফারুক হোসেন (৩৫) নামে ব্যক্তি নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, নিহত ফারক  একজন মাদক ব্যবসায়ী।  বুধবার (৮ আগস্ট) ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। র‌্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফারুক চৌদ্দগ্রাম পৌর রামরায় গ্রামের মমতাজ উদ্দিন প্রকাশ মন্তু মিয়ার ছেলে।

অধিনায়ক মেজর মো. আতাউর রহমান জানান,বুধবার ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে মাদকবিরোধী অভিযানে যায় র‍্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একদল মাদক ব্যবসায়ী র‌্যাবের ওপর হামলা চালায়। র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ী ফারুক হোসেন গুরুতর আহত হয়। এ সময় অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ফারুককে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় ব্যবসায়ীদের হামলায় র‌্যাব সদস্যরাও আহত হয়েছেন।  ঘটনাস্থল থেকে র‌্যাব ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে। ফারুকের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানাসহ বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।