কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজ হওয়ার তিন দিন পর আবদুল মুনাফ (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের গোরকমুড়া গ্রামের পাশের খাজুরিয়া বিল থেকে গলিত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আবদুল মুনাফ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিড়য়া ইউনিয়নের নেতড়া গ্রামের মৃত আবদুল হালিমের ছেলে।
নাঙ্গলকোট থানার ওসি মো.নজরুল ইসলাম জানিয়েছেন, ওই ব্যক্তি পানিতে ডুবে মারা যাননি। কারণ তাঁর গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। দুপুরে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।