সুসম্পর্ক গড়ে তোলার মাধ্যমে মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়া এক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১০ আগস্ট) ভোরে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার গাউসিয়া লেকসিটি আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (পশ্চিম ) মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের কাছ থেকে ১টি একনলা বন্ধু, দুই রাউন্ড কার্তুজ ও ১টি ছোরা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
গ্রেফতার চারজন হলেন, জাবেদ হোসেন (২৮), জসিম উদ্দিন (৩৮), ফিরোজ আল মামুন (৩২) ও আরিফুর রহমান লিটন (২৮)। তারা ডাকাতি ও প্রতারণায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
মইনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন,‘গ্রেফতার চারজন লেকসিটি আবাসিক এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপনে সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সদস্যরা তাদের গ্রেফতার করে। ডাকাতির পাশাপাশি গ্রেফতারকৃতরা বিভিন্ন পরিচয়ে মানুষের সঙ্গে সুসম্পর্ক করে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায় করতো। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।