সোমবার (১৩ আগস্ট) দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরের দোনারচর এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদল নেতা জুয়েল প্রধান রায়হানের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘সরকার আইনি মারপ্যাঁচে ফেলে খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না। তার সুচিকিৎসা করা হচ্ছে না। তার প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবি আদায় করে মুক্ত খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যাবো ইনশাআল্লাহ।’
খন্দকার মোশাররফ আরও বলেন, ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণমূলক একটি গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। সরকার গায়ের জোরে জনগণের যৌক্তিক দাবি মানছে না, গড়িমসি করছে। দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। অর্থনীতি এখন স্থবির, বৈদেশিক বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই, আইনের শাসন নেই, মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। জনগণ এই অবস্থা থেকে মুক্তি চায়।’
স্থানীয় বিএনপি নেতা এনামুল হক সরকারের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন মিয়াজী, রমিজ উদ্দিন, আজহারুল হক শাহীন, নুর মো. সেলিম সরকার, নুরুল আমীন সরকার, আরিফ মাহামুদ, কাউসার আলম সরকার, খন্দকার বিল্লাল হোসেনসহ অনেকে।
শোকসভায় ড. মোশাররফ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকার একটি চেক নিহত রায়হানের মা রেহেনা বেগমের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া ওই সড়ক দুর্ঘটনায় আহত অপর দুইজনকে খন্দকার মোশাররফ আর্থিক সহায়তা দেন।