লক্ষ্মীপুরে নানা কর্মসূচিতে শোক দিবস পালন

লক্ষ্মীপুরে শোক র‍্যালিলক্ষ্মীপুর জেলাব্যাপী নানা কর্মসূচি পালনের মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বুধবার (১৫ আগস্ট)  সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে শোক র‍্যালি বের করা হয়।

এছাড়া আলোচনাসভা, দোয়া মাহফিলসহ জেলাব্যাপী নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।  জেলা শহরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লক্ষ্মীপুর সদর আসনের এমপি এ কে এম শাহাজান কামাল, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু প্রমুখ।

শোক সভায় বক্তারা ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে  খুন করার কথা তুলে ধরে অবিলম্বে খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবী জানান।এসব পৃথক কর্মসুচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।