শিশু রাইফা হত্যা মামলা: দ্বিতীয় দফায় জামিন পেলেন ৪ চিকিৎসক

রাইফাচট্টগ্রামে শিশু রাইফা হত্যা মামলায় দ্বিতীয় দফায় জামিন পেয়েছেন চার চিকিৎসক। সোমবার (২৭ আগস্ট) ভারপ্রাপ্ত মহানগর মুখ্য হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে ওই চার চিকিৎসক আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে আদালত পুলিশ চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত তাদের জামিন দেন। জামিনপ্রাপ্ত চিকিৎসকরা হলেন, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশিষ সেন, ডা. সুব্র দেব, ডা. লিয়াকত আলী।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। পুলিশ রিপোর্ট দেওয়া পর্যন্ত ১০ হাজার বন্ডে তাদের জামিন প্রদান করা হয় বলে তিনি জানান। এর আগে গত ৩০ জুলাই উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন তারা।

গলার ব্যথা নিয়ে গত ২৯ মে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে রাইফাকে ভর্তি করেন বাবা রুবেল খান। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যায় দুই বছর চার মাস বয়সী রাইফা। চিকিৎসকের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে এই অভিযোগ করেন তার বাবা। পরে ঘটনা তদন্তে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠিত হয়।
ওই কমিটির প্রতিবেদনে বলা হয়, শিশুটির রোগ নির্ণয়, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ প্রয়োগ যথাযথ থাকলেও অভিযুক্ত তিন চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশিষ সেন গুপ্ত ও ডা.শুভ্র দেব কর্তব্যে অবহেলা করেছেন। 
এ ঘটনায় ১৮ জুলাই বিকাল ৪টায় অভিযুক্ত তিন চিকিৎসকসহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে অভিযুক্ত করে চকবাজার থানায় অভিযোগ করেন রাইফার বাবা। দুই দিন পর ২০ জুলাই থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে।

এ ঘটনায় গত ৯ অগাস্ট সাংবাদিক রুবেল খান হাই কোর্টে এই রিট আবেদন করেন। রিটের শুনানি শেষে উচ্চ আদালত চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসকের ‘অবহেলা ও ভুল চিকিৎসায়’ শিশু রাফিদা খান রাইফার মৃত্যর ঘটনায় তার পরিবারকে কেন ‘যথাযথ’ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন।