আটক মো. হাসিবুর রহমান রায়হান কাবিলপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে।
এনএসআই নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, হাসিবুর রহমান রায়হান বেশ কিছুদিন ধরে নিজেকে জাতীয় এনএসআই’র জুনিয়র ফিল্ড অফিসার পরিচয় দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) এলাকায় জরিপের কাজ করে আসছিল। এসময় সে সম্ভাব্য প্রার্থীদের মাঠ পর্যায়ে কেমন গ্রহণযোগ্যতা রয়েছে তা সদর দফতরে ভালো রিপোর্ট করবে বলে প্রার্থী ও নেতাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এছাড়াও সে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডগুলো থেকেও চাঁদা আদায় করে আসছিল। পরে এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নোয়াখালী গোয়েন্দা পুলিশ কাবিলপুর এলাকায় অভিযান চালিয়ে একটি নকল আইডিকার্ড ও একটি মোটরসাইকেলসহ তাকে আটক করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈন উদ্দিন আহমেদ জানান, নোয়াখালী গোয়েন্দা পুলিশের একটি দল হাসিবুর রহমান রায়হান নামে এক যুবককে আটক করেছে বলে তিনি শুনেছেন। তবে এখনও পর্যন্ত তাকে সেনবাগ থানায় হস্তান্তর করা হয়নি।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, রায়হানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।