ধর্ষণের অভিযোগে আটক ১

চট্টগ্রামতৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. হারুন (৪৫) নামের এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে জনতা। রবিবার (২ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর মতিঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই  আলাউদ্দিন তালুকদার।

এসআই জানান, গ্রেফতার হারুন পরিবার নিয়ে মতিঝর্ণা ১৪ নম্বর গলির শেখ দেলোয়ার হোসেনের ভাড়া বাড়িতে থাকেন। তার স্ত্রীর নাম কুলসুম বেগম।

হারুন ওই এলাকায় সবজি বেচা-কেনা করেন বলে জানিয়েছে স্থানীয়রা।

শিশুটির প্রতিবেশী কহিনুর বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুর পৌনে ২টার দিকে মেয়েটি বাসা থেকে খেলতে বের হয়ে যায়। এসময় মসজিদের দিকে এগিয়ে গেলে হারুন তাকে চকলেট খেতে দিয়ে তার বাসায় নিয়ে যায়। পরে ওই বাসা থেকে বের হলে মেয়েটির কাপড়ে রক্ত দেখা যায়। এরপর মেয়েটির মা জানতে চাইলে সে বিষয়টি জানায়। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেয়েটিকে বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।’

খুলশী থানার এসআই দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা হারুন নামে এক ব্যক্তিকে পিটিয়ে পুলিশে দিয়েছে। ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।’