কুমিল্লায় ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইকারী গ্রুপের নেতা গ্রেফতার

 ব্যাংক গ্রহাকের টাকা ছিনতায়ের মূল আসামি গ্রেফতার

কুমিল্লার মুরাদনগর থেকে অস্ত্রের মুখে ব্যাংক গ্রাহকের ৩ লাখ টাকা লুটের ঘটনায় প্রধান আসামি শরীফ হোসেন বাবুকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার বিকালে গ্রেফতারকৃত বাবু কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে টাকা লুটের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এর আগে শনিবার বিকালে বাবুকে জেলার দাউদকান্দির গোয়ালমাড়ি থেকে গ্রেফতার করা হয়। বাবু চাঁদপুর জেলার মতলব উপজেলার মাইজকান্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির এসআই সহিদুল ইসলাম পিপিএম।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ডিবির এসআই সহিদুল ইসলাম ও এসআই নন্দন চন্দ্র সরকার অভিযান চালিয়ে দাউদকান্দির গোয়ালমাড়ি থেকে ছিনতাইকারী শরীফ হোসেন বাবুকে (৪০) গ্রেফতার করে। বাবু টাকা লুটের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারসহ তার সহযোগীদের নাম প্রকাশ করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

এর আগে গত ২৮ জানুয়ারি মুরাদনগরের বাবুটিপাড়া গ্রামের আব্দুল্লাহ আল মাছুম ও তার বোন নাজমা বেগম দাউদকান্দির ইলিয়টগঞ্জ সোস্যাল ইসলামী ব্যাংক শাখা থেকে ৩ লাখ ৩৭ হাজার টাকা তুলে অটোরিকশায় মুরাদনগরে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে একটি কালো রঙে মাইক্রোবাসে এসে ছিনতাইকারী শরীফসহ ৪/৫ জন অস্ত্রের মুখে আবদুল্লাহ আল মাছুম ও তার বোনকে গাড়িতে উঠিয়ে নেয়। পরে তাদের মারধর করে টাকা ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা মাইক্রোবাসে বিভিন্ন স্থানে ঘুরিয়ে বিকালে মুরাদনগরের কোম্পানিগঞ্জ ব্রিজের ওপর নামিয়ে দেয়। এ ঘটনায় ওই রাতেই আব্দুলাহ আল মাছুম বাদী মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটি জেলা ডিবিতে স্থানান্তর করার পর ডিবি অভিযান শুরু করে।

ডিবির ওসি নাছির উদ্দিন মৃধা জানান, লুটের টাকা উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।