সিআরবি জোড়া খুনের ঘটনায় তিনজন কারাগারে

চট্টগ্রাম

দরপত্র নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দফতর সিআরবিতে যুবলীগ ও ছাত্রলীগ সমর্থকদের গোলাগুলিতে শিশুসহ দুইজন নিহতের মামলা তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (০৫ সেপ্টেম্বর) মহানগর হাকিম আল ইমরান খানের আদালত এ আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন, মো. জহির, মনির হোসেন ও মো. ফরিদ।

নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন,‘তিন আসামি বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

তিনি আরও বলেন,‘সিআরবিতে জোড়া খুনের ঘটনায় থানা পুলিশের অভিযোগপত্র দাখিলের পর অধিকতর তদন্ত শেষে গত ২২ ফেব্রুয়ারি অভিযোগপত্র জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযোগপত্রে যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ-অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর এবং ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সাইফুল ইসলাম লিমনসহ ৬৪ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে কারাগারে পাঠানো তিন আসামি তালিকায় রয়েছেন।’

২০১৩ সালের ২৪ জুন রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দফতর সিআরবি এলাকায় ৪৮ লাখ টাকা মূল্যের রেলের দরপত্র নিয়ে বাবর ও লিমন গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে সাজু পালিত (২৪) ও স্থানীয় সিআরবি বস্তির শিশু আরমান (৮) মারা যান।

এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই মহিবুর রহমান বাদী হয়ে বাবর ও লিমনসহ ছাত্রলীগ–যুবলীগের ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ৩০ থেকে ৪০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২৬ নভেম্বর শুনানি শেষে আদালত মামলাটি অধিকতর তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দিয়েছিলেন। তদন্ত শেষে পিবিআই গত ২২ ফেব্রুয়ারি ৬৪ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয়।

মামলার অন্যতম আসামিরা হলেন, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর ও তার গ্রুপের যুবলীগ নেতা রিটু দাশ, প্রেমাশীষ মুৎসুদ্দী, অজিত বোস, মোহন তাঁতী, খোকন চন্দ্র তাঁতী, অমিত মুহুরী, অজিত দাশ, চান মিয়া, রাজু, রাকেশ, সুমন, টিটু দাশ, লাবলু ঘোষ, টিপু, আসলাম, ছোটন বড়ুয়া, সুমন চৌধুরী, শিবু প্রসাদ চৌধুরী, শিমুল প্রসাদ পিন্টু, ফারুক, জসিম, মনির মিয়া, আনু মিয়া, ইউসুফ, জাহিদ, জহির, ফরিদ ও মনির।