বনকর্মী নিহতের ঘটনায় মামলা

চট্টগ্রাম

দখলদারদের হামলায় বনকর্মী আবদুস সালাম (৫০) নিহতের ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) সকালে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হাসনাবাদ রেঞ্জের তারাহো বিটের বিট কর্মকর্তা আতিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বায়েছ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে বলে তিনি জানান।

এর আগে বুধবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা এলাকায় দখলদারদের হামলার শিকার হন আবদুস সালাম। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বায়েছ আলম বংলা ট্রিবিউনকে বলেন,‘বনকর্মী আব্দুস সালাম নিহতের ঘটনায় জড়িত নজরুল ইসলামসহ ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সকালে বিট কর্মকর্তা আতিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারভুক্ত ১০ আসামিকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গ্রেফতার ১০ জন হলেন, মো. ইয়াছিন (২১), দেলোয়ার হোসেন (২৮), হাসান নিজামী (১৮), বিবি রহিমা (৪০), বিবি মরিয়ম (৪০), প্রিয়াংকা আক্তার (১৫), রোকেয়া বেগম (৫৫), নার্গিস আক্তার (১৮), ঝর্ণা আক্তার (১৭) ও মনোয়ারা আক্তার (১৫)।