‘দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারও আ.লীগকে ক্ষমতায় আনতে হবে’

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালদেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের জন্য কাজ করে। আশা করি সব রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। দেশে গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে সবাই সহায়তা করবেন। তবে কোনও একটি বিশেষ দল যদি নাও আসে তাতে জনগণের এবং দেশের সার্বিক কল্যাণে কোনও সমস্যা হবে না। ’

শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ তুলাতুলি স্কুল মাঠে এই সভার আয়োজন করে।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা একাধারে দুই মেয়াদ অতিক্রম করলাম। দেশের অগ্রগতিই বলে দেয় উন্নয়নবান্ধব এই সরকার দেশকে কতখানি এগিয়ে নিয়েছে। দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা অবৈধপথে ক্ষমতা দখলের পথ রুদ্ধ করেছি।’

রায়কোট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কালাম ভূইয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।