চট্টগ্রামে মাদ্রাসা হোস্টেল থেকে ছাত্রের লাশ উদ্ধার

চট্টগ্রামচট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় মাহাদাতুল উম্মে মাদ্রাসারহোস্টেল থেকে শাহরিয়ার আলম (১৪) নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, শাহরিয়ারকে মারধর করে হত্যা করেছে।  

নিহত শাহরিয়ার আলম নগরীর এনায়েত বাজার জুবলী রোডের ফোম মার্কেট গলির শাহিন আলমের ছেলে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে মাহাদাতুল উম্মে মাদ্রাসার হেফজখানার টয়লেটে তার ঝুলন্ত অবস্থায় দেখতে পায় মাদ্রাসা কর্তৃপক্ষ। টয়লেটের সিলিং থেকে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় পায় তারা। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহরিয়ারের মা শারমিন আক্তার বলেন,‘রবিবার রাত সাড়ে ১১টার দিকে মনির হুজুর( মাদরাসার শিক্ষক) আমাকে মোবাইলে ফোন করে বলেন আমার ছেলে অসুস্থ। খবর পেয়ে আমরা বাসা থেকে মাদ্রাসার হোস্টেলে যাই। সেখানে গেলে মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের জানায় শাহরিয়ার সুইসাইড করেছে। আমরা তা বিশ্বাস করি না। আমার ছেলেকে মাদ্রাসার হোস্টেলে পিটিয়ে মেরা ফেলা হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আমরা এ ঘটনায় থানায় মামলা দায়ের করবো।'   

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন,গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন। তার গলায় আঘাতের  চিহ্ন ছিল।

ওসি মাহফুজুর রহমান বলেন,  ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।