চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

খালেদা জিয়া

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রোক্ষিতে খালেদা জিয়ার জামিনের অধিকতর শুনানি শেষে কুমিল্লা জেলা ও দায়রা জজের বিচারক কে এম সামছুল আলম এই আদেশ দেন।

খালেদা জিয়ার জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মোস্তাফিজুর রহমান লিটন এবং খালেদা জিয়ার আইনজীবী মো. কাইমুল হক রিংকু।

খালেদা জিয়ার আইনজীবী মো. কাইমুল হক রিংকু বলেন, ১২ সেপ্টেম্বর বুধবার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে খালেদা জিয়ার জামিন শুনানি হয়। খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করার পর রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য রাখেন। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অধিকতর শুনানির জন্য সময় আবেদন করলে কুমিল্লা জেলা ও দায়রা জজের বিচারক কে এম সামছুল আলম আগামীকাল ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় অধিকতর শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি রবিবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল নামক স্থানে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ২০১৫ সালের ২৬ জানুয়ারি সোমবার চৌদ্দগ্রাম থানার এসআই  নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতায় হুকুমের অভিযোগ আনা হয়।