বাড়ি ফেরা হলো না, মহাসড়কের পাশে মিলল ব্যবসায়ীর লাশ

ছবি: ব্যবসায়ী মো. ছোটন ভূইয়াঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওয়ানা দিয়েও ফেরা হলো না ব্যবসায়ী মো. ছোটন ভূইয়ার (২৮)। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া-মীরগঞ্জ এলাকার কুমিল্লা সিএনজি পাম্প সংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ জানান, সকালে মরদেহ দেখার পর থানা পুলিশে খবর দেই। ধারণা করা হচ্ছে তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত ছোটন রাজধানীর কুড়িল-ভাটারা এলাকায় স্টেশনারি ব্যবসা করতেন। তিনি চান্দিনার মাধাইয়া ইউনিয়নের মীরগঞ্জ গ্রামের মৃত: আয়েত আলী ভূইয়ার ছেলে।

নিহতের স্ত্রী আসমা আক্তার বলেন, ছোটন ঢাকায় ব্যবসা করলেও প্রতি সপ্তাহে বাড়িতে আসতো। বুধবার রাত ১০টায় আমাকে ফোন করে জানায় তিনি বাড়িতে আসার জন্য সায়েদাবাদ থেকে বাসে উঠেছেন। রাত ১টার দিকে আমি তার মোবাইলে ফোন করলে ফোনটি রিসিভ হয়, কিন্তু তিনি কোনও কথা বলেননি। তখন অনেক মানুষের গোলযোগ শোনা গেছে। এরপর থেকে মোবাইলফোনটি বন্ধ পাই। ভোরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পাই মহাসড়কের পাশে তার লাশ পড়ে আছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শামছুল ইসলাম জানান, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।