বিএনপি ক্ষমতায় এলে আবারও দেশে অন্ধকার নেমে আসবে: কাদের

কক্সবাজারে জনসভায় কথা বলেন ওবায়দুল কাদেরবিএনপি-জামায়াত ক্ষমতায় এলে আবারও দেশে অন্ধকার নেমে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাই আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় আনারও আহ্বান জানান তিনি। রবিবার (২৩ সেপ্টম্বর) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া শহীদ আব্দুল হামিদ বাস টার্মিনালে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, 'একদল, বিশদল, ত্রিশদল করেও এখনও তারা কোনও জনসভা করতে পারেনি। কারণ, তাদের পাশে মানুষ নেই। করতে পারেনি কোনও আন্দোলনও। দিন যায়, মাস যায় আন্দোলনের দেখা নেই।’

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি কোনও দলের সঙ্গে এখনও ঐক্য করতে পারেনি। তাদের সঙ্গে কোনোদল ঐক্য করতে চায় না। কারণ, বিএনপি নেতারা এখন ঝিমিয়ে গেছে।’

জনসভায় উপস্থিত জনতাউপস্থিত আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, 'বিএনপি-জামায়াত আমাদের প্রতিপক্ষ নয়। প্রতিপক্ষ আমরা নিজে নিজেই সৃষ্টি করছি। কেউ কারও বিরুদ্ধে সমালোচনা না করে আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি সাধারণ শিক্ষার্থীদের উসকে দিয়ে আন্দোলনের পায়তারা করেছিল। কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে তাদের রাস্তা থেকে স্কুলে পাঠান।’

যুক্তফ্রন্টের জাতীয় ঐক্যের ডাকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘একটি বিদেশি সংস্থা জরিপ চালিয়েছে। জরিপে বলা হয়েছে, দেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা ৬৬ শতাংশ। এই ৬৬ শতাংশ বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে না। যুক্তফ্রন্ট যে ঐক্যের ডাক দিয়েছে, সেটি জাতীয় ঐক্য নয়, জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য।’

জনসভায় উপস্থিত জনতাচকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহবুব, উপপ্রচার সম্পাদক আমিনুল হক আমিন, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলার নেতারা।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কুমিল্লা ও চট্টগ্রাম হয়ে কক্সবাজার পৌঁছান আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।