পটিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকা নিহত

চট্টগ্রামচট্টগ্রামের পটিয়ার মনসারটেক এলাকায় সড়ক দুর্ঘটনায় বর্ণা বড়ুয়া (৩০) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বর্ণা বড়ুয়া পটিয়ার হুলাইন এলাকার রঞ্জিত বড়ুয়ার মেয়ে এবং মনসা স্কুলের সহকারী শিক্ষিকা।
এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে সড়ক পারাপারের সময় মহেন্দ্রা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন বর্ণা বড়ুয়া। পরে তাকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।