কুবি ক্যাম্পাস পরিষ্কার কর্মসূচিতে উপাচার্য

ক্যাম্পাসের আগাছ পরিষ্কারে অংশ নিয়েছেন কুবির উপাচার্য

‘এসো হাত ধরি, ক্যাম্পাস পরিষ্কার করি’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচিতে ছাত্রদের সঙ্গে দা নিয়ে ক্যাম্পাসের আগাছা পরিষ্কার করতে নেমে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। সোমবার ক্যাম্পাসে এ পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ কর্মসূচির উদ্বোধনকালে উপাচার্য বলেন,‘আমাদের ক্যাম্পাস আমাদেরই পরিষ্কার করতে হবে। আমি চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান করার। আশা করছি অল্প দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যাগুলোর দ্রুতই সমাধান হবে।’

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন, বিভিন্ন বিভাগের শিক্ষকরা ও অফিসার্স এসোসিয়েশনের নেতারা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ প্রমুখ।