কুমিল্লায় জামায়াতের সেক্রেটারিসহ ১২ নেতাকর্মী আটক

আটককুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদসহ জামায়াত- শিবিরের ১২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাতে দেবিদ্বার সদরের একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয় ।
পুলিশ সূত্র জানায়, জামায়াত-শিবিরের কর্মীরা গোপন বৈঠক করার সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদসহ ১২ জামায়াত শিবির কর্মীকে আটক করে।
আটক অন্যরা হলেন, মো. আবু হানিফ সরকার (২৮) মো. নাছির সরকার (১৯) জিয়াদ বিন আহাদ (২১), জাহিদ হাসান (১৯) আরিফুল ইসলাম (১৯) শরিফুল ইসলাম (১৮) আলাউদ্দিন সরকার (২১) আবদুল করিম (১৮) সৌরভ আহাম্মেদ (১৮) সনাঈম সরকার (২৩) ও রাকিবুল ইসলাম (১৮)। তারা সবাই একই উপজেলার হামলাবাড়ী গ্রামের।
দেবিদ্বার-বিপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ মো. সেলিম বলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ কর্মীদের নিয়ে গোপন বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়। ওই ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারার অপরাধে মামলা দায়ের পূর্বক বুধবার সকালে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।