‘উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে’

সুধী সমাবেশে কথা বলেন এমপি উবায়দুল মোকতাদির চৌধুরীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নের ধারা সৃষ্টি করেছেন তা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি বলেন, ‘উন্নয়নের যে পথে আমরা হাঁটছি, তা যেন গন্তব্যে গিয়ে শেষ হয়। আর সেই গন্তব্য হলো ২০৪১ সাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়নের অগ্রযাত্রার পথে হাঁটছে, সে পথ যেন থেমে না যায়। তাই আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।’

শনিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামে এ মোনেম মহাবিদ্যালয়ের মাঠে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে এ মোনেম মহাবিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নতুন একাডেমি ভবনের উদ্বোধন করেন তিনি।

এসময় বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, ‘সরকার আপনাদের বেতন বাড়িয়েছে, নতুর ভবন দিয়েছে। এর বিনিময়ে আমরা আপনাদের ভোট চাই না, আমরা চাই বিদ্যালয়ের ভালো ফল।’ এসময় তিনি আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার জন্য দোয়া চান।

রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহাদত খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন– জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।