রোহিঙ্গা বোঝাই নৌকা ফেরত

টেকনাফমিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই একটি নৌকাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। রবিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে ১৭ জন রোহিঙ্গা বোঝাই একটি নৌকা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। পরে সকালে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আছাদুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একটি নৌকায় করে ১৭ জন রোহিঙ্গা নাফ নদ পেরিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করার সময় শাহপরীর দ্বীপ এলাকায় তাদের আটকে দেয় বিজিবি সদস্যরা। নৌকাটিতে ৮ নারী, ৫ শিশু ও ৩ পুরুষ ছিল। তারা মিয়ানমার থেকে পালিয়ে এসে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।'

জানতে চাইলে টেকনাফ লেদা রোহিঙ্গা শিবিরের চেয়ারম্যান আবদুল মতলব জানান, ‘মিয়ানমারে রয়ে যাওয়া রোহিঙ্গারা ভাল নেই। এখনও কৌশলে তাদের নির্যাতন চালাচ্ছে সেনাবাহিনীরা। ফলে রোহিঙ্গারা এখনও বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।'