ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে রবিবার বিকেলে রোলার দিয়ে মাদকগুলো ধ্বংস করা হয়।
এর মধ্যে ৮৬১কেজি গাঁজা, ৪৭ হাজার ৫৪৯ পিস ইয়াবা, ১২শ’ ৮০ বোতল ফেনসিডিল, ১২শ’ ১১ বোতল স্কফ সিরাফ, ১২শ’ ৯৭ বোতল বিদেশি মদ ও ১শ’ লিটার চোলাই মদ ছিল।
মাদক দ্রব্য ধ্বংসের সময় ঘটনাস্থলে উপস্থিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ জানান, মোট ২ কোটি ১১ লাখ টাকার জব্দকৃত মাদক দ্রব্য ধ্বংস করা হচ্ছে। মাদক সমাজকে ধ্বংস করছে। তাই আদালতের পক্ষ থেকে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তাই মাদক নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।
মাদক দ্রব্য ধ্বংসের সময় অন্যদের মধ্যে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মুহাম্মদ মোশারফ হোসাইন, শরাফ উদ্দিন আহমেদসহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং আদালত পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।