রাঙ্গুনিয়া থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলামকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে ওই উপজেলার মধ্যম সফরভাটা এলাকার ফরেরখীল বিল থেকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা এ তথ্য জানিয়েছেন। শনিবার (০৬ অক্টোবর) দুপুরে সাড়ে ১২টায় চট্টগ্রাম পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।
এসময় তার কাছ থেকে দুইটি পিস্তল, তিনটি বন্দুক, তিনটি এলজি, দুইটি পাইপগান ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার সাইফুল রাঙ্গুনিয়া উপজেলার মধ্যম সফরভাটা এলাকার আমির হোসেনের ছেলে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন,‘সাইফুল আলম কুখ্যাত সন্ত্রাসী। সে উকিল উদ্দিন নামে এক বৃদ্ধের হত্যা মামলার প্রধান আসামি। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে আসছে। কিন্তু সে পাহাড়ে আত্মগোপন করায় এতদিন তাকে গ্রেফতার করা যায়নি। সর্বশেষ শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে থানায় খুন ও ডাকাতিসহ ৪টি মামলা রয়েছে।’
উদ্ধার অস্ত্রের বিষয়ে পুলিশ সুপার বলেন,‘অস্ত্রগুলো সে নিজে ব্যবহার করতো। পাশাপাশি এগুলো অন্যদের কাছে ভাড়া দিত।’
অভিযান প্রসঙ্গে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন,‘সাইফুলের বাড়ি দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় এর আগে পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি বলেন, সাইফুল বাড়িতে অবস্থান করছে এই সংবাদ পেয়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ সদস্যরা বিভিন্ন ছদ্মবেশে একাধিক টিমে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছনে ধানের বিলে সাইফুল লুকিয়ে থাকে। বাড়িতে খোঁজাখুজি করে তাকে না পেয়ে আশপাশে তল্লাশি চালানো হয়। পরে সাইফুলকে ধানের বিল দিয়ে লুকিয়ে পালিয়ে যেতে দেখে পুলিশ সদস্যরা ঘেরাও করে। পরে তাকে গ্রেফতার করে। এসময় তার কোমরে গুজা মেইড ইন ইউএস লিখা একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করা হয়।
মোহাম্মদ জাহাঙ্গীর বলেন,‘পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসত ঘরের মাঝখানের শয়ন কক্ষের খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ১টি দেশিয় পিস্তল, ৩টি বন্দুক, ৩টি এলজি, ২টি পাইপগান ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’