মাইক্রোবাসে মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা ও অস্ত্র পাচারের সময় আটক ২

গ্রেফতারস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। রবিবার (০৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় ওই গাড়িতে তল্লাশি চালানো হয়। র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কমান্ডার শাফায়াত জামিল ফাহিম এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করার পাশাপাশি মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

আটক দুজন হলেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের উত্তর জয়পুর এলাকার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৩০) ও নোয়াখালী জেলার চাটখিলের শিবরামপুর এলাকার আমির হোসেনের ছেলে আল শাহরিয়ার (২৫)।

শাফায়াত জামিল ফাহিম বলেন, ‘ইয়াবা ও অস্ত্রসহ একটি মাইক্রোবাস টেকনাফ থেকে চট্টগ্রামের দিকে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে লালখান বাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া স্টিকারযুক্ত গাড়িটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তা আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে কৌশলে লুকিয়ে রাখা প্রায় ২০ হাজার ইয়াবা ও আটটি অস্ত্র পাওয়া যায়। আসামিরা এসব ইয়াবা ও অস্ত্র ঢাকায় নিয়ে যাচ্ছিল। গাড়িটি জব্দ করা হয়েছে।