ফেনী-১ আসনে আ.লীগের প্রার্থী দেওয়ার দাবি নিজাম হাজারীর

ফেনী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী। আসনটিতে বর্তমানে মহাজোট প্রার্থী হিসেবে জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার সংসদ সদস্য হিসেবে আছেন। শুক্রবার বিকেলে ছাগলনাইয়া উপজেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিজাম হাজারী সেখানে আওয়ামী লীগ থেকে কোনও প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।  

নিজাম উদ্দিন হাজারী বলনে, আগেরবার ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। এবার এই আসনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীকে আসনটি উপহার দিতে চায় আওয়ামী লীগ ।

সমাবেশে বক্তারা এই আসনের বর্তমান এমপি জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতারকে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে মেনে না নেওয়ার ঘোষণাও দেন। নেতাকর্মীরা আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরীর সর্মথনে স্লোগান দেন।  

উপজেলা শ্রমিকলীগের সভাপতি জালাল আহম্মদ মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী।

ফেনী-১ আসনটি নিজেদের করে নিতে স্থানীয় আওয়ামী লীগ নিয়মিত সভা-সমাবেশে করে মাঠ দখলে রেখেছে। তবে আগামী নির্বাচনে আসনটি থেকে জাসদের শিরীন আখতার আবারও মহাজোট প্রার্থী হিসেবে সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে গুঞ্জন শুরু হয়েছে। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে শিরীন আখতারকে লক্ষ্য করে বক্তব্য দেওয়া হচ্ছে।