হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশু প্রিয়াংকার চিকিৎসার জন্য হাসপাতালের সহকারী পরিচালক ডা. হাবিব-উল-করিম এই টিমের নেতৃত্বে রয়েছেন। টিমের সদস্যরা রবিবার (২৮ অক্টোবর) বৈঠকে বসে তার চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ওই বৈঠকে চিকিৎসার পদ্ধতি নির্ধারণ করা হবে।’
টিমের অন্য সদস্যরা হলেন- আরএমও ডা. আবু তাহের, কনসালটেন্ট (সার্জারি) ডা. কামরুজ্জামান, কনসালটেন্ট (শিশু) ডা. জাহাঙ্গীর আলম, কনসালটেন্ট (চর্ম) ডা.আবুল বশর ও কনসালটেন্ট (চক্ষু) ডা. ব্রজ গোপাল পাল।
প্রসঙ্গত, চলচ্চিত্র অভিনেত্রীর জ্বিন ছাড়ানোর দোহাই দিয়ে তার পালিত শিশুর গায়ে দিনের পর দিন জ্বলন্ত মোমবাতির ছ্যাঁকা দিয়ে আসছিল দুই ভণ্ড কবিরাজ। গত মঙ্গলবার বিকালে সদর উপজেলার শর্শদি ইউনিয়নের পাঠানবাড়ি সংলগ্ন সড়কে ক্ষত-বিক্ষত শরীর নিয়ে শিশু প্রিয়াংকাকে কাঁদতে দেখে তাকে বাড়ি নিয়ে যান জোহরা আক্তার নামের এক নারী। পরে স্বামী জাহাঙ্গীর আলমের পরামর্শে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করান।
শিশুটির ওপর এমন নির্মম নির্যাতন চালানোর দায়ে ভণ্ড কবিরাজ অমৃত দাস ও মো. আবদুল্লাহসহ পালক মা শাহেনা বেগম শাহেনী ও তার সহযোগী মুন্নি আক্তারকে আটক করেছে পুলিশ। এর আগে বুধবার রাতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মামুন নামের একজন মামলা দায়ের করেন। ওই মামলায় শাহানা আক্তার শাহেনী, আবদুল্লাহ, অমিত দাস, মুন্নিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।