বৃদ্ধের পেট থেকে ইয়াবা উদ্ধার

ইয়াবা




কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ শহীদুল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধের পেট থেকে ২ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করছে বিজিবি। বুধবার সকালে উপজেলার জাদিমোরা মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার।

গ্রেফতার মোহাম্মদ শহীদুল্লাহ মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার হোসেনদী গ্রামের মৃত ফজর আলী বেপারির ছেলে।
তিনি বলেন, টেকনাফের জাদিমোরা মসজিদের সামনে শহিদুল্লাহকে চ্যালেঞ্জ করা মাত্র তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি’র টহল দল তাকে ধাওয়া করে আটক করে। পরে তার পেটের ভেতর ইয়াবা আছে বলে তিনি স্বীকার করেন। এরপর তাকে ওষুধ খাইয়ে পেটের ভেতর থেকে ২ হাজার ৪শ পিস ইয়াবা বের করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করে বিজিবি।
তিনি আরও বলেন, একই দিন দমদমিয়া এলাকায় কেওড়া বাগানে অভিযান চালানো হয়। এ সময় মাটি খুঁড়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করতে পারেনি।  উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। যা পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে।